নিউজ ডেস্ক : নব্য জেএমবি নেতা সারোয়ার-তামিমের ১০ সহযোগিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ হাকিম ফাইরুজ তাসনিম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর মধ্যে নারী জঙ্গি সদস্য জান্নাতুল মহল ওরফে জিন্নাহকে দুই দিনের ও রাজধানী উত্তরার ইংরেজি মাধ্যমের লাইফ স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলামসহ বাকিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরআগে মামলার তদন্ত কমকর্তা সিনিয়র এএসপি উনু মং ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
আসামিরা রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ‘পরিকল্পনাকারী ও জোগানদাতা’ নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা নিহত তামিম চৌধুরী এবং আশুলিয়ায় নিহত সংগঠনের আমির সারোয়ার জাহান গ্রুপের সদস্য ও অনুসারী ছিল বলে র্যাব সূত্র জানায়।
অন্যান্য আসামিরা হলেন- শরিফুল ইসলাম (৪০), মিজানুর রহমান (৪৩), জিয়াউর রহমান (৩১), আবু সাদাত মো. সুলতান আল রাজী ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), মো. কৌশিক আদনান সোবহান (৩৭), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭) ও মো. শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬)।
রোববার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
গতকাল সোমবার বিকেল ৫টায় রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, শরিফুল ইসলাম প্রায় আড়াই বছর ধরে স্কুলের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁরা ছাত্রছাত্রী ভর্তি করেন ঠিকই কিন্তু তাদের মূল টার্গেটে ছিলো ছাত্রছাত্রীদের মা-বাবা। তাঁরা অভিভাবকদের টার্গেট করে জঙ্গি কার্যক্রমে অনুপ্রাণিত করতেন। এ জন্য সবাই একটি গোপন মোবাইল অ্যাপ ব্যবহার করতেন এবং নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। এই গ্রুপের অধিকাংশই উচ্চশিক্ষিত।
গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া কবরস্থানের পাশে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়।
গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় বাইপাইলের গাজীরজট বসুন্ধরারটেক এলাকায় মৃধা ভিলা নামে একটি বাসার পাঁচতলা ভবনের বারান্দার গ্রিল কেটে লাফিয়ে পড়ে মারা যান সারোয়ার জাহান।
সারোয়ার-তামিমের ১০ সহযোগী রিমান্ডে

Be the first to comment on "সারোয়ার-তামিমের ১০ সহযোগী রিমান্ডে"