নিউজ ডেস্ক : চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামি ইব্রাহীম সোহানসহ ১৬ জনের সবাইকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী জানিয়েছেন।
প্রক্টর জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ হওয়া সংঘর্ষের পর তদন্তের প্রেক্ষিতে ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’ এদের মধ্যে আশরাফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান নিশান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, তামিম উল আলম, রাশেদুল হক ইরফান ও নাজমুল হক বিবিএর ছাত্র।
এই ঘটনায় নিহতের বাবার করা হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহীম সোহান, কাজী জয়নাল আবেদীন, সাইফ উদ্দিন, আবু জাহেদ উজ্জ্বল, নিজাম উদ্দিন আবিদ ও নুরুল ফয়সাল স্যাম এমবিএর ছাত্র। বাকিদের মধ্যে আবু ফয়েজ এলএলএমের এবং সাইফুল মোহাম্মদ তারেক ও সাইফুল ইসলাম সাকিব এলএলবির ছাত্র। আরও সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে। এরা হলেন- মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুক কালাম, কায়সারুল আলম, মনির আহমদ, কাজী মোহাম্মদ লিয়াকত, নিজামুল গালিব ইমন ও কাজী মো. আশরাফ সায়েদ; সবাই বিবিএর ছাত্র।
গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জের ধরে নাসিম আহমেদ সোহেলকে একদল শিক্ষার্থীর মারধরের মধ্যে তাদের একজনের ছুরিকাঘাতে নিহত হন। পরদিন সোহেলের বাবা আবু তাহের তার ছেলেরই এক সময়ের বন্ধু ইব্রাহীম সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা করেন, যাতে অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়।

Be the first to comment on "সোহেল হত্যায় সোহানসহ প্রিমিয়ারের ১৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার"