নিউজ ডেস্ক: দেশে শিক্ষকসহ চলমান সব হত্যাকাণ্ড বন্ধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘ধারাবাহিক শিক্ষক হত্যাকাণ্ড: প্রতিবাদ ও স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক মাসুদ আকতার, অধ্যাপক শহীদুজ্জামান প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, শিক্ষক হত্যাকাণ্ড ছাড়াও অন্য সব হত্যাকাণ্ডের ধরন একই। হত্যার ধরন দেখে সন্দেহ করা যায় একই গ্রুপ এসব হত্যার সঙ্গে জড়িত। আমাকে যে হত্যার হুমকি দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে আমাকেও চাপাতি দিয়ে হত্যা করা হবে। কারণ, চাপাতি দিয়ে হত্যা করা সহজ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় তারা ধর্মের প্রসঙ্গকে সামনে নিয়ে আসে যে, কে আস্তিক বা কে নাস্তিক। এসব হত্যাকাণ্ড শুধু নাস্তিক হওয়ার কারণে হচ্ছে তা নয়। কারণ পীর, মাজারের খাদেম ও মসজিদের মুয়াজ্জিনকেও হত্যা করা হচ্ছে। মূলত তাদের ধর্ম পালনের ধারার বিপরীতে কেউ গেলেই তাকে হত্যা করা হচ্ছে। তিনি আরো বলেন, এসব হত্যাকাণ্ড রোধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এসব হত্যাকাণ্ডে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই জড়িত। কারণ, তারা পরাজিত হলেও একেবারে নিশ্চিহ্ন হয়নি। লুকিয়ে লুকিয়ে তারাই এসব হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা কোনো না কোনোভাবে রাষ্ট্রের ভিতরের শক্তি এবং বাইরের শক্তিকে যারা সমর্থন করে তাদের সঙ্গে নিয়ে উদ্বেগজনকভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডের সম্মিলিত প্রতিবাদ করতে হবে।

Be the first to comment on "হত্যাকাণ্ড বন্ধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে"