নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় ইতালির ৯ নাগরিক নিহত হয়েছিলেন। তাদের পরিবারের জন্য বাংলাদেশের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে ইতালির সরকার।
এ ছাড়া ওই ৯ জন নিহতের দেহে যে পোশাক ছিল, তাও ফেরত দিতে বলেছে ইতালি। এ বিষয়ে ঢাকার ইতালি দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।
ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি সারসংক্ষেপ লিখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ইতালি সরকারের পাঠানো চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
গত বছর ১ জুলাই শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বরের হলি আর্টিজান বেকারিতে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এরপর ওই রেস্তোরাঁয় থাকা ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন লোকজনকে জিম্মি করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। নিহত হন ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। আহত হন প্রায় ৩০ জন পুলিশ সদস্য। হামলার পরদিন ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। জিম্মি ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ১৭ জন বিদেশি নাগরিকের মরদেহ পাওয়া যায়।
পরে ওই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় নিহত ২০ জনের মধ্যে দুই জন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয় জন ইতালি, সাত জন জাপানি ও একজন ভারতীয় ছিলেন।

Be the first to comment on "হলি আর্টিজান হামলা: নিহত নাগরিকদের ক্ষতিপূরণ ও পোশাক চায় ইতালি"