নিজস্ব প্রতিবেদক : বার্ষিক ৩০ লাখ টাকার নিচে লেনদেনে কোনো ধরনের কর প্রদান করতে হবে না। নতুন মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন ২০১২-তে এ বিধান রাখা হয়েছে। আসছে জুনে এ আইন বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার রাজধানীর পুরাতন বিমানবন্দর ট্রাস্ট মিলনায়তনে ভ্যাট আইনের অধীন ব্যবসায়ী পর্যায়ে মূসক আদায় বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার শওকত হোসেন। তিনি বলেন, নতুন আইনে মূল্য ঘোষণার বিধান নাই। ব্যবসায়ী প্রকৃত বাজার মূল্যে পণ্য বিক্রিয় করতে পারবে। এছাড়াও এ আইনে আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং উৎপাদনকারীর বার্ষিক ৩০ লাখ টাকার নিচে লেনদেনে কোনো ধরনের কর প্রদান করতে হবে না। একই সঙ্গে বার্ষিক লেনদেন ৮০ লাখ টাকা পর্যন্ত মাত্র ৩ শতাংশ কর প্রদান করতে হবে। তবে এ সুবিধা সম্পূরক শুল্ক প্রদানকারী যেমন টোবাকো ব্যবসায়ীরা পাবেন না।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, এনবিআরের সদস্য (মূসক : নিরীক্ষা ও গোয়েন্দা) মো. রেজাউল হাসান, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা।

Be the first to comment on "৩০ লাখ টাকার লেনদেন করের আওতামুক্ত থাকবে"