শিরোনাম

৪০ বছরের মধ্যে ভয়ংকর দাবানল ক্যালিফোর্নিয়ায়

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। কেউ কেউ বলছেন, এটা ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা বলছেন, স্মরণকালের মধ্যে এমন ভয়াবহ দাবানল আর দেখা যায়নি।

দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ওই এলাকায় ৮২ হাজারের বেশি মানুষ বাস করে।

দাবানলের নাম দেওয়া হয়েছে ‘ব্লু কাট’। দাবানলে ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদার মধ্যকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে।

দাবানলের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে লোকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।

গত মঙ্গলবার অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত একটি পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত। এক দিন পরে ওই দাবানল প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে।

দাবানল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের হাজারো সদস্য তাঁদের চেষ্টা অব্যাহত রেখেছেন। কমান্ডার মাইক ওয়াকোসকি বলেন, তিনি তাঁর ৪০ বছরের চাকরিজীবনে এমন ভয়ংকর দাবানল দেখেননি।

স্যান বার্নার্দিনো কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান মার্ক হার্টউইগ বলেন, এই দাবানল দারুণভাবে ছোবল দিয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন তীব্রতার দাবানল আগে দেখা যায়নি।

দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চলছে।

দাবানলে কতগুলো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে শত শত ঘরবাড়ি ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।

 

basic-bank

Be the first to comment on "৪০ বছরের মধ্যে ভয়ংকর দাবানল ক্যালিফোর্নিয়ায়"

Leave a comment

Your email address will not be published.


*