নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের একটি ওয়ার্কশপ থেকে অবৈধভাবে আমদানি করা ৫ কোটি টাকার একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার তেজগাঁওয়ের ৩৪৫ নম্বরের মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়িটি জব্দ করা হয়। গত ১ মাস গাড়িটি পরিত্যক্ত অবস্থায় গ্যারেজে পড়ে ছিল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা জানতে পারে, শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি আমদানি করা হয়। গোয়েন্দাদের অভিযানে ধরা পরার ভয়ে গাড়ির মালিক গাড়িটি ওয়ার্কশপে ফেলে চলে যান।
বিএমডব্লিউ এক্স৫ মডেলের গাড়িটি কালো রঙের। এতে ঢাকা মেট্রো-শ ০০-০৫০১ নম্বর প্লেট লাগানো আছে। এটির ইঞ্জিন ক্যাপাসিটি প্রায় ৩০০০ সিসি; যার শুল্ক মোট গাড়ির মূল্যের ৬০১ শতাংশ। শুল্ক গোয়েন্দা জানায়, তাজুল নামের এক চালক প্রায় এক মাস আগে মেরামতের জন্য ওই ওয়ার্কশপে গাড়িটি রেখে যান। এরপর আর কেউ এটি নিতে আসেননি। অনেকবার চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি।
ড. মইনুল খান বলেন, গাড়িটি ওয়ার্কশপের জিম্মায় দেয়া হয়েছে। আরো অনুসন্ধান করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
এরআগে এপ্রিলে একটি বিএমডব্লিউ কার, একটি বিএমডব্লিউ জিপ ও একটি পোরশে জিপ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এরপর চলতি মাসের শুরুর দিকে জব্দ করা হয় বিলাসবহুল রেসিং কার ‘ওডি আর ৮’। এ গাড়িটি আমদানিতে সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছিল।
৫ কোটি টাকার বিএমডব্লিউ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা

Be the first to comment on "৫ কোটি টাকার বিএমডব্লিউ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা"