নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক অভিনন্দন বার্তায় ট্রাম্পের নেতৃত্ব গুণের প্রশংসা করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। একই সাথে আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে বাংলাদেশের উন্নয়ন দেখতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ডোনাল্ড ট্রাম্প বরাবর পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয় যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। আমি আশা করি, আপনার নেতৃত্বে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে আমি উন্মুখ এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে অবদান রাখতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।’
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে আপনাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে, আপনারা এসে তা দেখতে পাবেন।’
মঙ্গলবারের নির্বাচনে হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করার পথে ৭০ বছর বয়সী ট্রাম্প হারিয়েছেন সাবেক ফার্স্টলেডি ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে। নতুন বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্ব পালনের জন্যক শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment on "ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সস্ত্রীক বাংলাদেশে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর"