নিউজ ডেস্ক : যশোর সদর উপজেলার খিতিবদিয়ায় এজাজ আহমেদ (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত এজাজ চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দুই বছর আগে ২০১৪ সালের ১৮ নভেম্বর এজাজের ভাই আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলামকেও দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল।
নিহতের স্বজনরা জানান, এজাজ আজ সকাল সোয়া ৮টার দিকে মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে খিতিবদিয়া পুকুরপাড়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে ৫/৬ জন হেলমেট পরা ব্যক্তি তার গতিরোধ করে ও এজাজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে, তা পরে জানা যাবে।
এদিকে, সদর উপজেলার জামতলা ও চুড়ামনকাটির চৌগাছা রেলক্রসিংয়ের কাছ থেকে আজ সকালে ট্রেনে কাটা দুই যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Be the first to comment on "আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা"