শিরোনাম

আমাদের কোন ব্যর্থতা নেই: সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দৃঢ়তার সাথে বলেছেন, আমাদের কোন ব্যর্থতা নেই, আমরা অনেক কাজ করেছি, অনেকগুলো সফল হয়েছে, অনেকগুলো সফলতার কাছাকাছি গেছে। কাজতো একটা চলমান প্রক্রিয়া। আমরা যে কাজগুলো করেছি সেগুলো এগিয়ে নিলে এদেশে নির্বাচনোর ক্ষেত্রে আমুল পরিবর্তন ঘটবে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লায় আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধন শেষে সন্ধ্যায় ৫ বছরে নির্বাচন কমিশনের সাফল্য-ব্যর্থতা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি।

তিনি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। সে কারণে ইভিএম মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন করার উদ্যোগ নিয়েছি। দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এনে ওই কাজ করা হচ্ছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন। নতুন এ যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন। এটা কেউ হ্যাক করতে পারবে না। যে ধরবে তাঁকে আটকে ফেলা যাবে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, স্মার্টকার্ড দিয়েছি আমরা। ডেটাবেজ মেনটেইন করছি আমরা। খুবই শুদ্ধ ডেটাবেজ। কেউ দুবার ভোটার হতে পারবে না। ফিঙ্গার পিন ১০ আঙুলের নেওয়া হচ্ছে। নতুন কার্ডে ২৫টি বৈশিষ্ট্য আছে। এটা আন্তর্জাতিক মানের কার্ড। নকল করা যাবে না। কর্মকর্তাদের উন্নত মানের সেবা দিতে হবে। এখন কমিশনের অফিসগুলো ভালো। জনগণের সেবায় যেন গাফিলতি না হয়।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এলেও সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে অংশ নিয়েছে।

তিনি আশা দিয়ে বলেন, জনগণের যে ভোট দেওয়ার অধিকার তিনি ঠিক করবেন, কে প্রতিনিধি হবে। কে জিতবে। সেই দিন আসবে বলে আশা রাখি। তিনি আরো বলেন, বিদেশেও সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। আমরা ভালো দেশের ভালো নির্বাচনের মতো শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব। যার ভোট সে দিবে। কেউ কারো ভোট দিতে পারবে না।

এ ছাড়াও একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে ৫ সদস্যের নির্বাচন কমিশন হওয়া উচিত নাকি ৩ জন সদস্য যথেষ্ট ? এ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা যারা উপযুক্ত কর্তৃপক্ষ তারা বিচার বিবেচনা করছেন, তারাই সিদ্ধান্ত নেবেন।

basic-bank

Be the first to comment on "আমাদের কোন ব্যর্থতা নেই: সিইসি"

Leave a comment

Your email address will not be published.


*