শিরোনাম

আড়িয়াল খাঁ’য় নৌকাডুবিতে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে একটি নৌকাডুবির ঘটনায় শিশু ও নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রায়পুরা উপজেলার জঙ্গা শিবপুর বাজারসংলগ্ন এলাকার এ দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিনচালিত নৌকাটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বেলাব উপজেলার দেওয়ানেরচর গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী বিবি মালদারের নেছা (৮০), একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইয়াছিন মিয়া (৬), সুন্দর আলীর মেয়ে জেরিন আক্তার (৮),বারৈচা গ্রামের মিলন মিয়ার মেয়ে মাজিয়া (৩), রফিকুল ইসলামের ছেলে রাকিব (১৩), আক্তার হোসেনর ছেলে সমাট্র (৪), একই গ্রামের সুমাইয়া (৩) ও ফুলেছা বেগম (৬০)।
পুলিশ জানিয়েছে, দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি শিবপুর ব্রিজের গোড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহ-এর মাজারে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সেটি দুর্ঘটনায় পড়ে।
তাৎক্ষণিকভাবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক মহসীন প্রধান ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন সরকার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

basic-bank

Be the first to comment on "আড়িয়াল খাঁ’য় নৌকাডুবিতে ৮ জনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*