নিউজ ডেস্ক : পাকিস্তানের করাচির লান্ডি রেলস্টেশনে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে জাকারিয়া এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে থাকা ফরিদ এক্সপ্রেসকে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে বলে দ্য ডন জানিয়েছে।
বিভাগীয় রেলওয়ে সুপারিনন্টেডেন্ট নাসির নাজির বলেন, এই সংঘর্ষের কোনো কারণ এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানই এখন অগ্রাধিকার।
জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের মর্গে ১৭টি লাশ নিয়ে আসা হয়েছে।
এরআগে ইদি ফাউন্ডেশনের ফয়সাল ইদি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন।
দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দুটি ট্রেনই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ট্রেনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। ট্রেনের ধাতব অংশ কেটে ভেতর থেকে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। আহতদের কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।
এই ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। ব্রিটেনের কলোনি থাকাকালে দেশটিতে রেল ব্যবস্থা চালু হয়েছিল।
দশকের পর দশক ধরে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং বিনিয়োগের ঘাটতির কারণে এই ব্যবস্থায় নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Be the first to comment on "করাচিতে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু"