নিউজ ডেস্ক : হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে সফরকারী দল শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নের শতকে অতিথিরা এগিয়ে ৪১১ রানে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৪৭ রান। আসেলা গুনারত্নে ১৬ ও দিলরুয়ান পেরেরা ১ রানে ব্যাট করছেন।
মঙ্গলবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই কৌশল সিলভাকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের শততম এই টেস্টে অভিষিক্ত পেসার কার্ল মামবা।
করুনারত্নে এক প্রান্তে অবিচল থাকলেও অন্য প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ায় ১১৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৯৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েন করুনারত্নে। ফিরে যাওয়ার আগে ১৭৩ বলে ৭টি চারে এই উদ্বোধনী ব্যাটসম্যান করেন ১১০ রান।
চা-বিরতির পরপরই ডি সিলভাকেও ফিরিয়ে দেন মামবা। তবে চার বল পর বৃষ্টি নামলে দিনের খেলার সমাপ্তি হয় সেখানেই।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৩৭
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৭৩
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬১.৫ ওভারে ২৪৭/৫ (করুনারত্নে ১১০, সিলভা ৭, কৌশল পেরেরা ১৭, মেন্ডিস ১৯, থারাঙ্গা ১, ডি সিলভা ৬৪, গুনারত্নে ১৬*, দিলরুয়ান ১*; পোফু ১/৪২, ক্রেমার ০/৬৭, মামবা ৪/৫০, টিরিপানো ০/৩৩, ওয়ালার ১/১৭, উইলিয়ামস ০/৫, মাসাকাদজা ০/২২)

Be the first to comment on "করুনারত্নের শতকে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা"