শিরোনাম

ক্যামব্রিজের সেরা ছাত্রদের একজন আসছেন ক্রিকেটার পরিচয়ে

নিউজ ডেস্ক : ‘মিডিয়া সেন্টার প্রান্ত থেকে বল করতে আসছেন ড. জাফর আনসারি!’ চমকে উঠছেন? ভাবছেন, ক্রিকেট মাঠে আবার গবেষক কোত্থেকে এল? ডক্টরেট খেতাব প্রাপ্ত মানুষ তো গবেষণায় ব্যস্ত থাকার কথা, গাদা গাদা কাগজ আর রিসার্চ পেপারের ভিড়ে চোখে পুরু চশমা এঁটে বসে থাকার কথা। তিনি আবার ভর দুপুরে কাঠফাটা রোদে বোলিং করতে আসছেন কেন?
না, সত্যি সত্যি এখনো ডক্টরেট উপাধি পাননি জাফর। এই বাঁহাতি অলরাউন্ডার এখনো পড়াশোনার পাঠ চুকাননি পুরোপুরি, তবে যেভাবে এগোচ্ছেন তাতে নামের আগে ডক্টর বসিয়ে ফেলতেই পারেন। পেশাদার ক্রিকেটারের কঠিন জীবনেও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শুধু পড়াশোনা করছেন বললে ভুল হবে। এর মাঝেই ‘ডাবল ফার্স্ট’ ডিগ্রির সম্মানও পেয়ে গেছেন। যে সম্মান খুব কম ছাত্রের কপালেই জোটে।
ক্যামব্রিজের সেরা ছাত্রদের একজন জাফর অবশ্য আপাতত সব ভুলে শুধু বোলিংয়ের ধার বাড়ানো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক দিনের লালিত স্বপ্ন সত্যি হতে চলেছে তাঁর, বাংলাদেশ সফরে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন।
স্বপ্ন পূরণ গত বছরই হতে পারত। পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছিলেন। কিন্তু যেদিন জাতীয় দলের ডাক এল, সেদিনই সারের হয়ে খেলতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে ফেলেছিলেন। ফলে সেবার আরব আমিরাতে যাওয়া হয়নি জাফরের।
প্রায় এক বছর পর আবারও সুযোগ পেয়ে কৃতজ্ঞ ২৪ বছর বয়সী জাফর, ‘তাঁরা (নির্বাচকেরা) আমার ওপর অনেক আস্থা রেখেছেন, আমি এ জন্য কৃতজ্ঞ। চোটের সঙ্গে লড়াই করে কঠিন একটা বছর পার করেছি, ফিরতে পেরে ভালো লাগছে। ইংল্যান্ড আমার খেয়াল রেখেছে, আশা করি আমি এর প্রতিদান দিতে পারব।’
সারে দল থেকে বাংলাদেশ সফরে ডাক পেয়েছেন আরও এক স্পিনার, গ্যারেথ বেটি। বাংলাদেশের বিপক্ষে ১১ বছর আগে সর্বশেষ টেস্ট খেলা বেটি নিজের সতীর্থকে বড় এক সার্টিফিকেটই দিয়ে দিলেন, ‘আমি আগেও বলছি, আবারও বলছি, আনসারি এখন আমাদের দেশের সেরা তরুণ স্পিনার। আশা করি সে এবার চোট-মুক্ত থাকবে এবং ইংল্যান্ডের হয়ে দারুণ এক ক্যারিয়ার গড়বে।’
অবশ্য বেটির এ কথা না বললেও চলত, নয় বছর বয়স হওয়ার আগেই তো ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি, এরপর অনূর্ধ্ব-১৫, ১৭, ১৯—ইংল্যান্ড দলের প্রতিটি যুবদলে খেলেছেন জাফর। বিস্ময় তো জাগতেই পারে, ক্রিকেটে এত সময় দিয়ে জাফর পড়াশোনাতেও এত ভালো করছেন কীভাবে!
অনুপ্রেরণা বাবার কাছেই পাচ্ছেন তিনি। বাবা খাইজার হ‌ুমায়ূন আনসারিও যে একজন নামকরা গবেষক। পাকিস্তান থেকে ইংল্যান্ডে স্থায়ী হওয়া এই গবেষক সম্মানসূচক ওবিই (অফিসার অব ব্রিটিশ এম্পায়ার) খেতাবও পেয়েছেন। বর্ণবাদ ও জাতিতত্ত্বের ওপর গবেষণায় অবদান রাখার জন্য।
বাবার পথে চলে জাফরও তো পিএইচডি করে ফেলতেই পারেন। সে ক্ষেত্রে ‘বোলিংয়ে আসছেন ড. জাফর আনসারি!’ এ কথাটি নিয়মিতই শুনতে হবে ক্রিকেট বিশ্বকে।

basic-bank

Be the first to comment on "ক্যামব্রিজের সেরা ছাত্রদের একজন আসছেন ক্রিকেটার পরিচয়ে"

Leave a comment

Your email address will not be published.


*