শিরোনাম

খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় আজ

নিউজ ডেস্ক : সিলেট সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় আজ বুধবার (৮ মার্চ)। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আজ দুপুরে এ মামলার রায় ঘোষণা করবেন। হত্যাচেষ্টাকারী বখাটে বদরুল আলমের ভাগ্যে কী আছে? কী রায় হচ্ছে? তা দেখার অপেক্ষায় দেশ-বিদেশের মানুষের দৃষ্টি আজ সিলেটের আদালতে। তবে বিচারের এই দিনটি যখন নারী দিবস, দিবসটিতে দেশবাসীর প্রত্যাশা হয়তো বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে।

২০১৬ সালের ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা শেষে এমসি কলেজ কেন্দ্র থেকে বের হয় নার্গিস। ক্যাম্পাসে পুকুর পাড়সংলগ্ন সড়কে তার পথ আগলে ধরে বদরুল। হাত ধরে প্রেম নিবেদনের চেষ্টা, অতঃপর তার আহ্বানে সাড়া না দেওয়ায় নার্গিসকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। রাস্তায় যখন জ্ঞান হারিয়ে নার্গিস মৃতপ্রায়, তখনও হায়েনার মতো তার ওপর চাপাতি নিয়ে আছড়ে পড়েছিল বদরুল।

হামলার পর কথিত প্রেমিক শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। হামলার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদে ও বিচার দাবিতে দেশব্যাপী মানববন্ধন এবং সমাবেশ হয়।

রক্তাক্ত নার্গিসকে উদ্ধারের পর সিলেট ওসমানী হাসপাতাল ও পরে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দফা অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে সাভারের সিআরপিতে পাঠানো হয়। সেখানে তিন মাসের চিকিৎসা শেষে ২৪ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন নার্গিস।

এদিকে, ঘটনার পরদিন (৪ অক্টোবর) নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে একমাত্র বদরুলকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। গত বছরের ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠান আদালত। ৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরাণ থানার এসআই হারুনুর রশীদ বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার ৩৬ সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৫ ডিসেম্বর সাক্ষী দেন ১৭ জন, ১১ ডিসেম্বর নার্গিসের মা-বাবা ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৫ জন এবং ১৫ ডিসেম্বর সাক্ষী দেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন নার্গিস।

basic-bank

Be the first to comment on "খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় আজ"

Leave a comment

Your email address will not be published.


*