নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ে চলেছে চেলসি। দুর্দান্ত পারফরম্যান্সে টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। এবার তারা টেবিলের দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০ করে নিয়েছে।
সোমবার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় চেলসি। ম্যাচটিতে এডেন হ্যাজার্ড ও দিয়েগো কস্তার গোলে ২-১ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে চেলসি। ২৭ ম্যাচে ব্লুজদের এটি ২১তম জয়।
২৭ ম্যাচে চেলসির পয়েন্ট এসে দাঁড়িয়েছে ৬৬। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
হ্যাজার্ডের দুরন্ত গোলে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় চেলসি। এনগোলো কান্তের পাস পেয়ে পেদ্রোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠান বেলজিয়ামের এই উইঙ্গার।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হ্যাজার্ডের কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন কস্তা। স্প্যানিশ স্ট্রাইকারের এটি এ মৌসুমে সপ্তদশ লিগ গোল।
যোগ করা সময়ে একটি গোল শোধ করতে পারে ওয়েস্ট হ্যাম। আন্দ্রে আইয়ুর পাসে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যানুয়েল লানসিনি।

Be the first to comment on "চেলসির শীর্ষস্থান মজবুত"