নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে প্যাকেজিং কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতি থেকে থাকলে তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।
রবিবার সকালে ট্যাম্পাকো ফয়েলস কারখানা ঘুরে দেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কারখানায় হতাহতের ঘটনায় যদি কারও গাফিলতি থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
শনিবার ভোরের দিকে বয়লার বিস্ফোরিত হলে পাঁচ তলা ওই কারখানা ভবনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন; কিন্তু বিভিন্ন ফ্লোরে মাঝে-মধ্যে আগুনের শিখা দেখা যাচ্ছিল সকালেও।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এ ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২৫ জন, আরও প্রায় ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু সাংবাদিকদের বলেন, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত করে আমরা দেখব, এ ঘটনা কেন ঘটল। এ ঘটনার মাধ্যমে যে এতগুলো প্রাণ গেল, এ জন্য আমরা খুবই দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য তদন্ত সাপেক্ষ পরিপূর্ণ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি যেন সমস্ত শিল্প নগরীতে এ ধরনের তদন্ত করা হয়। দেখা হোক, কোথাও কোনো লিকেজ আছে কিনা, বৈদ্যুতিক শর্ট সার্কিট আছে কিনা, বয়লার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা, মেয়াদোত্তীর্ণ কোনো বয়লার চালু আছে কিনা। থাকলে তদন্ত করে সেগুলো বন্ধ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
টঙ্গীর আগুনে গাফিলতি থাকলে ব্যবস্থা: শিল্পমন্ত্রী

Be the first to comment on "টঙ্গীর আগুনে গাফিলতি থাকলে ব্যবস্থা: শিল্পমন্ত্রী"