নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি গতরাত সাড়ে ৩টায় উল্লাপাড়া স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
এরপরই ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম অঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে। এতে এ রেলপথের দুই পাশে আটকা পড়ে ছয়টি ট্রেন। দুর্ঘটনা খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
উল্লাপাড়া রেল স্টেশনের মাস্টার শামসুল আলম জানান, ট্রেনের ইঞ্জিনের সেটিং পয়েন্ট এক লাইন থেকে অন্য লাইনের সংযোগস্থলের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। এত ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পশ্চিমাঞ্চল রেল ওয়ের উপসহকারী প্রোকৌশলী আশরাফ উদ্দিন জানান, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। পড়ে দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ ও লাইন মেরামত শেষে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ও অন্যান্য ট্রেন চলাচল শুরু করে।
ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। যার তদন্ত প্রতিবেদন আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। অন্যারা হলেন বিভাগীয় প্রকৌশলী কামরুজ্জামান, আসাদুল হক এবং শহিদুল ইসলাম। এদিকে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে রেলপথের দুইপাশে পদ্মা, একতা, নীলসাগড়সহ ছয়টি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

Be the first to comment on "ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক"