নিউজ ডেস্ক : আবেদন করার মতো যোগ্যতা না থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দেওয়ায় রুল জারি করেছে হাইকোর্ট। আজ সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
রুলে নিয়োগপ্রাপ্ত ঐ শিক্ষকের নিয়োগপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দর্শন বিভাগের চেয়ারম্যান, সহকারী পরিচালক (জনসংযোগ) এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক খন্দকার তোফায়েল আহমেদকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির আনোয়ার। সঙ্গে ছিলেন সারোয়ার পায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক পদে আরেক আবেদনকারী এইচ এম মিরাজ সৌরভ। আবেদনে বলা হয়, গত বছরের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে দুইজন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি-তে যোগ্যতা চাওয়া হয় সিজিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ২৯ ডিসেম্বর দুই জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেয় দর্শন বিভাগ। কিন্তু নিয়োগপ্রাপ্ত দুই জনের মধ্যে খন্দকার তোফায়েল আহমেদের সিজিপিএ-৩.১৯। ফলে তিনি এ পদে আবেদন করারই অযোগ্য বলে রিটে উল্লেখ করা হয়।
Be the first to comment on "ঢাবির দর্শন বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল"