শিরোনাম

তারেকের মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : তারেক রহমানের মামলা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন হাউজ অব লর্ডসের সেমিনারে অংশ নিতে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই ফ্লাইটে দেশে ফেরেন ওই সেমিনারে অংশ নিতে যাওয়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা। বিমানবন্দর থেকে বেরিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় হাইকোর্টের রায়ে আমরা হতাশ ও ক্ষুব্দ হয়েছি। সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে নিম্ন আদালতের দেয়া খালাসের রায় বাতিলের জন্য ওই আপীল করেছিল। উচ্চ আদালতের কাছ থেকে তারেক রহমান ন্যায়বিচার পাননি। সরকারের উদ্দেশ্য একটা তারেক রহমান ও বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা। সেজন্য তারা তারেক রহমানের বিরুদ্ধে সাজার এই কৌশল নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তারেক রহমানের মামলা ও সাজার বিষয়টি রাজনৈতিক ও প্রতিহিংসামূলক। তাই আমরা এটি আইনগত ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান সাহেব দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক কারণেই তাকে সাজা দেওয়া হয়েছে। তাই আমরা এ মামলাকে আইনগতভাবে এবং রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাই এবং সেটাই আমরা করব। দেশের উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের অনাগ্রহ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্য চায় না।

এ সময় লন্ডনের সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুলের সঙ্গে থাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রহীন অবস্থা, মানবাধিকার পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও অর্থনীনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।

basic-bank

Be the first to comment on "তারেকের মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*