নিউজ ডেস্ক : দীর্ঘ গোল খরা কাটিয়ে ২৯ বছর বয়সী এই তারকা মাত্র দশদিন আগেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে নাটকীয়ভাবে ফর্মে ফিরেছিলেন। কিন্তু স্টোক সিটির বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লিস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্দিকে।
ফুটবল এসোসিয়েসনের (এফএ) এই সিদ্ধান্তে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের দুঃশ্চিন্তার পাল্লা আরো ভারী হয়েছে।
লাল কার্ড প্রাপ্তিতে তিনি লিস্টারের পরবর্তী তিন ম্যাচ অর্থাৎ এভারটন, ওয়েস্ট হ্যাম ও মিডলসব্রর বিপক্ষে খেলতে পারছেন না। শনিবারের ম্যাচটিতে স্টোক ফরোয়ার্ড মামে ডিওফকে অবৈধভাবে চ্যালেঞ্জের কারনে ভার্দিকে লাল কার্ড দেখানো হয়। যদিও সিদ্ধান্তটি নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। দু’পায়ের এই চ্যালেঞ্জের বিপরীতে রেফারী ক্রেইগ পওসন সরাসরি লাল কার্ড দেখাতে কোন দ্বিধাবোধ করেননি। এই নিয়ে ক্যারিয়ারের তৃতীয়বারের মত ভার্দি কোন ম্যাচে লাল কার্ড পেলেন।
এ সম্পর্কে এফএ এক বিবৃতিতে বলেছে, “স্বাধীন রেগুলেটারী কমিশনের শুনানী শেষে প্রমানিত হয়েছে ভার্দির বিপক্ষে আনীত অভিযোগ সত্য। যদিও ভার্দি যে দাবী জানিয়েছিল তা কমিশনের শুনানীতে খারিজ হয়ে গেছে। ”
ভার্দির এই নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে আগামী সোমবার এভারটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লিস্টারে তিনজন মূল খেলোয়াড় থাকছেন না। শনিবারের ম্যাচে পঞ্চমবারের মত হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান ফুকাস ও রবার্ট হাট।
ভার্দির ঘটনার কয়েকদিন আগে পওসন প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুই পায়ের একই ধরনের চ্যালেঞ্জের অপরাধে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহোকে লাল কার্ড না দেখানোয় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।
বর্তমানে লিগ টেবিলের ১৫তম স্থানে রয়েছে লিস্টার। রেলিগেশন থেকে মাত্র তিন পয়েন্ট এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Be the first to comment on "তিন ম্যাচ নিষিদ্ধ জেমি ভার্দি!"