নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মর্মাহত ও উদ্বিগ্ন। তারা বলেছেন, নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্ররাই ঘটিয়েছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের বক্তব্য নিয়েও যে সমালোচনা হচ্ছে তা বিশ্বাস করে না শাসকদলীয় জোট। তবে তারা মন্ত্রীর বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ছায়েদুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি কী কারণে এ ধরনের কথা বলছেন তা খতিয়ে দেখছি। তিনি এ ধরনের কথা বলবেন তা বিশ্বাস করি না।
তিনি আরও বলেন, জনগণের প্রতি আমরা আহ্বান জানাবো, তারা অতীতে যেভাবে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতা, সহিংসতা, জ্বালাও-পোড়াও প্রতিহত করেছে এবারও ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। জনগণ ইতোমধ্যে নেত্রকোনার একটি ঘটনা প্রতিরোধ করেছে। আমরা প্রশাসনকে বলবো, এ ধরনের ঘটনা মোকাবিলায় আরও কঠোর হতে।
প্রশাসনের যেসব কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করারও আহ্বান জানান ১৪ দলের এই সমন্বয়ক।
সোমবার নাসিরনগর পরিদর্শন করবে ১৪ দল
এই জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও জানান, আগামীকাল সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।

Be the first to comment on "নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্রের কাজ: ১৪ দল"