নিউজ ডেস্ক : নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে একটি বেসরকারি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ ছাড়াও তিনি সরকারসহ প্রশাসন ও পুলিশের দায়িত্বহীনতা ও ব্যর্থতাকে দায়ী করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন। তিনি এককভাবে কোনো রাজনৈতিক দলকে দায়ী না করলেও হিন্দু সম্প্রদায়ের জান ও মালের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন। রবিবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দলে হাবিবুর রহমান বীরপ্রতীক, ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, অ্যাডভোকেট আতিকুর রহমান ও অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ একটি প্রতিনিধিদল নাসিরনগর গৌর মন্দির, দত্তবাড়িসহ বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেন।
অন্যদিকে নাসিরনগরের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আরো ৯ জনকে আটক করা হয়। এর আগে গত সাত দিনে ৪৪ জনকে আটক করা হয়েছিল। নাসিরনগর থানার নবাগত ওসি মো. আবু জাফর আটকের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কাজল জ্যোতি দত্ত ও নির্মল চৌধুরী বাদী হয়ে সহস্রাধিক অজ্ঞাতনামাকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

Be the first to comment on "নাসিরনগরে বেসরকারি তদন্ত চান কাদের সিদ্দিকী"