নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ দুপুরে পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রী পরিষদের সদস্য এবং দলের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শেখ হাসিনা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন ও বিশেষ মোনাজাতে শরীক হন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনাও ফাতেহা পাঠ করেন এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দর সঙ্গে মোনাজাতে শরীক হন। পরে তারা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন। আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আজ সকাল ১১টা ৪০ মিনিটে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাঁর পৈত্রিক বাড়ি টুঙ্গীপাড়া পৌঁছেন।
টুঙ্গীপাড়া উপজেলা কমপ্লেক্সে হেলিপ্যাডে অবতরণের পর পরই প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সোজা এই মহান নেতার সমাধিতে যান।
তিনি আজ দুপুরে টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় সভাপতিত্ব করেন।
শেখ হাসিনা ২২-২৩ অক্টোবর দলের ২০তম কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে পুনরায় দলের সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা উপমহাদেশের অন্যতম পুরানো রাজনৈতিক দলের ৮ম বারের মতো সভাপতি নির্বাচিত হন। একই কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

Be the first to comment on "টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর"