শিরোনাম

বহিষ্কার হওয়া অস্ত্রধারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এই মামলায়। উচ্ছেদের ঘটনা গুলিস্তান এলাকায় ঘটলেও পল্টন থানার সীমান্তসংলগ্ন শাহবাগ থানা এলাকায় ফাঁকা গুলির ওই ঘটনা ঘটে। শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ মাঠে কাজ করছে। গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ঢাকার গণপরিবহন চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র গুলিস্তানে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তায় মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক; আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। সংঘর্ষের মধ্যে গোলাপি ফুলহাতা শার্ট পরিহিত সাব্বির রহমানকে রিভালবার উচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। সে সময় সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরিহিত আশিকের হাতে দেখা যায় পিস্তল। সেই ছবি পরদিন সংবাদপত্রে ছাপা হয়।

এরপর সোমবার ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাব্বির ও আশিককে বহিষ্কারের কথা জানানো হয়। ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের দোকান ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মো. সিরাজ নামে এক হকার পল্টন থানায় আরেকটি মামলা করেছেন। সেখানে ১৫০ জনকে আসামি করা হলেও ছাত্রলীগের সাব্বির ও আশিকের নাম নেই।

 

basic-bank

Be the first to comment on "বহিষ্কার হওয়া অস্ত্রধারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*