শিরোনাম

বাংলাদেশ-শ্রীলঙ্কা নৌ-সচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা নৌ-সচিব পর্যায়ের প্রথম বৈঠক আজ মঙ্গলবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ বৈঠকের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে কোস্টাল শিপিং চুক্তি হলে দু’দেশের মধ্যে নৌ-বাণিজ্যখাতে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দু’দেশের মধ্যে পণ্য পরিবহন খরচ কমে যাবে ও সময় সাশ্রয় হবে।

বৈঠকে খসড়া কোস্টাল শিপিং চুক্তি, শ্রীলঙ্কার বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং, ট্যারিফ কনসেশন, চট্টগ্রাম ও কলম্বো বন্দরের মধ্যে ফিডার সার্ভিস, সমুদ্রগামী জাহাজের লীজ/ক্রয়, উভয় দেশের সরকারি ও বেসরকারিখাতের স্টেকহোল্ডার্সদের মধ্যে মতবিনিময়, বাংলাদেশি ক্রুদের প্রশিক্ষণ, সিফেয়ারার্সদের কম্পিটেন্সি সার্টিফিকেটের বিষয়ে পারস্পারিক রিকগনিশন/স্বীকৃতি ও দ্রুত ভিসা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহন সচিব অশোক মাধব রায়। শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন সেদেশের বন্দর ও নৌসচিব এল পি জেয়ামপেথি।

বাংলাদেশ দলের অন্য সদস্যরা হলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুনির চৌধুরী, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. দেলোয়ার হায়দার, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ এম হামিদউল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) মো. মনোয়ার হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমান্ডার এম রাফিউল হাসান, নৌপরিবহন অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার এ কে এম ফখরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ নিয়াজুর রহমান এবং মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. মোস্তফা কামাল।

শ্রীলঙ্কা দলের অন্য সদস্যরা হলেন- মার্চেন্ট শিপিং সচিবালয়ের মহাপরিচালক অজিত সেনাভিরত্নে, পোর্ট অথিরিটির চেয়ারম্যান দামমাইকা রানাতুঙ্গা, সিলন শিপিং কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শশি ধানাতুঙ্গে, বাংলাদেশ নিযুক্ত শ্রীলঙ্কার চার্জ দ্যা অ্যাফেয়ার্স সিসাথ থামবুগালা ও পোর্ট অথিরিটির চিফ ম্যানেজার উপুল জয়াটিসা।

বৈঠকে জানানো হয়, দু’দেশের মধ্যে প্রথম পর্যায়ে কার্গো জাহাজ দিয়ে যাতায়াত শুরু হবে পরবর্তীতে ক্রুজ ভেসেল যাতায়াত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোস্টাল শিপিং চুক্তি রয়েছে।

আজ মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশ-শ্রীলঙ্কা নৌ-সচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*