নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘা পৌর এলাকার মুর্শিদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের দুই মেয়েও গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল কালাম আবু (৫৫) ও স্ত্রী আরিফা বেগম (৪৫)। আহত দুই মেয়ে মৌসুমী খাতুন (২০) ও রুমা খাতুনকে (২২) উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে মৌসুমীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তাদের বাঁচাতে গিয়ে দুই মেয়েও গুরুতর আহত হন। মৌসুমীর অবস্থা আশঙ্কাজনক।
রাজশাহীর বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, আবুল কালাম আবু অন্ধ ছিলেন। স্ত্রীর সহায়তায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রবিবার দিবাগত রাতে তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় অন্ধকারে জঙ্গলে পড়ে থাকা বেড়া বাঁধা তারে জড়িয়ে পড়েন তারা। ওই তারটি রাস্তার বৈদ্যুতিক পোলের সঙ্গে কোনোভাবে সংযুক্ত ছিল। তাতে জড়িয়ে স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের বাঁচাতে গিয়ে দুই মেয়েও আহন হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুপুরে বাঘা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

Be the first to comment on "বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু"