নিউজ ডেস্ক : পাশাপাশি দুই গ্রামের আওয়ামী লীগের দুই নেতার বিরোধের জের ধরে এক নেতার ছেলে ও ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বিপুল মণ্ডল (২৩)। সে ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর গ্রামের ফজলু মণ্ডলের ছেলে।
এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরো এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহত জাহাঙ্গীরকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মনোপুর গ্রামের হাটখোলা এলাকার কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান আলম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আ’লীগ নেতা লিটন মেম্বর ও মনোহরপুর গ্রামের আ’লীগ নেতা ফজলু মণ্ডলের মধ্যে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিপুল ও তার সাথে থাকা জাহাঙ্গীরের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করে।
সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বিপুল মারা যায়। জাহাঙ্গীরকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত একটার দিকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বুধবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিরোধের জেরে ঝিনাইদহে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Be the first to comment on "বিরোধের জেরে ঝিনাইদহে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা"