নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপে সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এই রায় দুই মাসের জন্য স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুই মাসের জন্য হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত লিভ টু আপীল করতে বলেছেন আদালত। এর আগে গত ৫ সেপ্টেম্বর দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর আরোপে সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যে কর আদায় করা হয়েছে তা ফেরতের নির্দেশও দেওয়া হয়।
জানা গেছে, বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের জন্য ২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর বৈধতা নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থী পৃথক ৪৬টি রিট আবেদন করে। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রিট আবেদন করা হয়।
সবগুলো আবেদন একত্রে শুনানি শেষে ৫ সেপ্টেম্বর আদালত তা অবৈধ ঘোষণা করেছিলেন। বুধবার সেই রায় স্থগিত করেন চেম্বার বিচারপতি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের রায় স্থগিত

Be the first to comment on "বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়করের রায় স্থগিত"