নিউজ ডেস্ক : সেঞ্চুরির পর ‘পুশ আপ’ করছেন মিসবাহ-উল হক। এরপর জয় তুলে নিয়ে গোটা দল মাঠেই পুশ আপ করতে শুরু করলো। সেঞ্চুরি ও জয়ের এই অস্বাভাবিক উদযাপন পাকিস্তান অধিনায়ক মিসবাহ ও তার দলের সৌজন্যে দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এই দৃশ্য আর দেখা যাবে না। কারণ, খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) মিসবাহর দলের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে!
জুলাইয়ে ইংল্যান্ড সফরের আগে আর্মি বুট ক্যাম্প করে পাকিস্তান দল। বর্ষীয়ান অধিনায়ক সেখানে সেনাদের কথা দিয়েছিলেন, ইংল্যান্ডে সেঞ্চুরি করতে পারলে তার পর পুশ আপ করবেন দশটা। কথা রেখেছিলেন তিনি। লর্ডসে সেঞ্চুরি করার পর মিসবাহ পুশ আপ করেন। তার ফিটনেস প্রমাণ করেন! তার দেখাদেখি জয়ের পর গোটা দলই মেতে ওঠে এই পুশ আপ থিওরিতে। ইংলিশরা যেটি খুব বাঁকা চোখে দেখেছিল।
কিন্তু কে জানতো মিসবাহর দেশ পাকিস্তানেই এই উদযাপন বাঁকা চোখে দেখার লোকের অভাব নেই! বুধবার ছিল দেশটির ক্রীড়ার জাতীয় বৈঠক। সেখানে মুহাম্মদ আফজাল নামের একজন সাংসদ প্রশ্নবিদ্ধ করেন মিসবাহদের এই কাজকে। তিনি বলেন, এতে করে পাকিস্তান সম্পর্কে ভুল ধারণা দেওয়া হচ্ছে। পুশ আপের বদলে বিশেষ নামাজ বা সিজদা করলে আরো ভালো হতো। পুশ আপের মানে নেই।
সেখানে উপস্থিত পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, সচরাচর ক্রিকেটাররা আর্মি ক্যাম্প করেন না বলে ফিটনেসের প্রমাণ দিতেই এমনটা করা হয়েছিল। তবে সেই সাথে তিনি এও জানান, ওই পুশ আপ বন্ধ করা হয়েছে। পাকিস্তান দল মাঠে এমন পুশ আপ আর কখনো করবে না। তার মানে মিসবাহদের ওপর পুশ আপে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাই দিয়ে দেওয়া হলো।

Be the first to comment on "মাঠে পাকিস্তান দলের ‘পুশ আপ’ নিষিদ্ধ"