শিরোনাম

মিশরে তেল সরবরাহ বন্ধ করলো সৌদি

নিউজ ডেস্ক : মিশরে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। মিশরের জেনারেল পেট্রোলিয়াম করপোরেশনকে চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের আরামকো তেল কোম্পানি জানিয়েছে, তারা মিশরে আর তেল ও তেলজাত পণ্য সরবরাহ করবে না।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যু নিয়ে রাশিয়ার তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার পরপরই সৌদি আরব মিশরকে বিশেষ সুবিধায় তেল সরবরাহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের এক রাজনৈতিক কর্মী মিশরকে তেল সরবরাহ বন্ধ করে দেয়ার খবর ফাঁস করে দিলে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই রাজনৈতিক কর্মীর নাম মুজতাহিদ বলে জানা গেছে।

ঘটনাটি ফাঁস হওয়ার পরে এ নিয়ে মুখ খুলেছেন খোদ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসিও । সৌদি আরবের তেল সরবরাহ স্থগিত করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তবে তিনি জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার পক্ষে ভোট দেয়ার কারণে সৌদি আরব তেল সরবরাহ স্থগিত করে নি। এটি স্বাভাবিক কারণেই হয়েছে।

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করতে বর্তমান প্রেসিডেন্ট ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিকে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তেল সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে সিসি সরকারের সাথে সৌদি বাদশা সালমানের মাঝে দূরত্ব তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সৌদি আরব প্রতি মাসে মিশরকে বিশেষ সুবিধায় ৭ লাখ টন তেল দেয়ার ঘোষণা দিয়েছিল এবং সে ঘোষণা অনুযায়ী মিশর তেল পেয়ে আসছিল।

basic-bank

Be the first to comment on "মিশরে তেল সরবরাহ বন্ধ করলো সৌদি"

Leave a comment

Your email address will not be published.


*