নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য বিশ্বাস করে না ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। তবে তারা বিষয়টি খতিয়ে দেখবে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, নাসিরনগরের ঘটনায় ১৪ দলীয় জোট মর্মাহত ও উদ্বিগ্ন। এ ঘটনা স্বাধীনতাবিরোধী চক্ররাই ঘটিয়েছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। তবে এ ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের বক্তব্য নিয়েও যে সমালোচনা হচ্ছে তা বিশ্বাস করে না শাসকদলীয় জোট।
মোহাম্মদ নাসিম বলেন, ছায়েদুল হক একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি কী কারণে এ ধরনের কথা বলছেন তা খতিয়ে দেখছি। তিনি এ ধরনের কথা বলবেন তা বিশ্বাস করি না।
১৪ দলের এই সমন্বয়ক আরও জানান, আগামীকাল সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।
মৎস্যমন্ত্রীর দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য বিশ্বাস করে না ১৪ দলীয় জোট

Be the first to comment on "মৎস্যমন্ত্রীর দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্য বিশ্বাস করে না ১৪ দলীয় জোট"