নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্কসহ ১২ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মার্কিন আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যানুযায়ী প্রায় দুই ফুট তুষারপাত হতে পারে। এ আশঙ্কায় ইতিমধ্যে সব স্কুল, অফিস, কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ট্রেন বাসসহ রাস্তায় সব ধরনের যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন শহরের মেয়ররা। মঙ্গলবার ও বুধবারের সাড়ে ছয় হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ অবস্থায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করা হয়েছে।
নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশয়ার, কানেকটিকাটে পেনিসেলভানিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্টেলার নামের এ তুষারঝড় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। এ জন্য ২৪ ঘণ্টার সতর্কতা জারি করা হয়েছে। মেইনের দক্ষিণাঞ্চল থেকে ভার্জিনিয়াতেও সতর্ক করে দেওয়া হয়েছে।
ম্যাসাচুসেটসের আবহাওয়াবিদ অ্যালান ডানহ্যাম বলেন, “এই উচ্চতায় প্রতিঘণ্টায় এক থেকে তিন এমনকি চার ইঞ্চি পর্যন্তও তুষারপাত হতে পারে। ”
ফ্লাইট অ্যাওয়ারের প্রতিবেদনে বলা হয়, সাড়ে ছয় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার সব স্কুলও বন্ধু। জরুরি অবস্থা ঘোষণার পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুর্নো বলেন, “আবহাওয়ার এ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটবে। আমি সবাইকে এই সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করব। ” নিউ জার্সির গভর্নর বলেন, “যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয় সেসব সরকারি কর্মীদেরও বাসায় থাকতে হবে। ” নিউ জার্সির আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানা গেছে। এই আবহাওয়ায় মেরকেলের সফর মঙ্গলবার থেকে পিছিয়ে শুক্রবার করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের আশঙ্কায় ১২ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা"