নিউজ ডেস্ক : ল্যাপটপ চুরির অভিযোগ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সেই সঙ্গে শিক্ষার্থীদের শুক্রবার বেলা ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা কামরুজ্জামান হিরো জানান, শুক্রবার বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের বেঠকে এ সিদ্ধান্ত হয়। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।
হিরো বলেন, ল্যাপটপ চুরি নিয়ে ঝগড়ার জেরে গতরাত ৯টার দিকে জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। আহতদের মধ্যে মাসুম আকন্দ নামের এক ছাত্রলীগকর্মীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
একই ঘটনার জের ধরে এর আগে গত মঙ্গলবার রাতে রুয়েটের রসায়ন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়কে লাঞ্ছিত করে ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

Be the first to comment on "রুয়েটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, বন্ধ ঘোষণা"