রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় শারীরিক প্রতিবন্ধি এক যুবক নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউনিয়নের নওখোলা গ্রামের বকুল শেখের ছেলে শারীরিক প্রতিবন্ধি মোজাহের শেখ (১৭) গত শনিবার সন্ধ্যায় নিঁেখাজ হয় । পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে গত সোমবার নিহতের পিতা বকুল শেখ লোহাগড়া থানায় একটি সাধারন ডায়েরী করেন। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী নওখোলার মাঠে ধানক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
নিহতের পিতা বকুল শেখ অভিযোগ করে বলেন, গত শনিবার সন্ধ্যার পর মোজাহেরের বন্ধু প্রিন্স , এরশাদ, সোহাগ, নাইম ও বরকত তাকে আড্ডা দেওয়ার জন্য ফোন করে ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার নিখোঁেজের বিষয়টি উল্লেখ করে সোমবার লোহাগড়া থানায় সাধারন ডায়েরি দায়ের করি। একই দিন বিকালে এলাকার লোকজন এ বিষয় নিয়ে সন্দেহভাজন তার বন্ধুদের নিয়ে শালিস বৈঠক করেন। সেখানে কোন তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। আমার ধারনা, মোজাহেরের বন্ধুরাই তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি সন্তান হত্যার বিচার চাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের নুর ইসলামের ছেলে এরশাদকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য দ্রুতই উদঘাটিত হবে।

Be the first to comment on "লোহাগড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার"