নিউজ ডেস্ক : খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খানের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল দিল্লির হার্ট অ্যান্ড লাঞ্চ হসপিটালে তার হার্টে সফল অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। তিনি লিখেছেন, তারিক আনাম এখন সুস্থ আছেন। তার স্ত্রী নিমা রহমান হাসপাতাল থেকে সুবর্ণা মুস্তাফাকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার হৃদরোগে আক্রান্ত অভিনয়শিল্পী তারিক আনাম খান উন্নত চিকিৎসার জন্য ভারত যান। ১৪ ফেব্রুয়ারি পুবাইলে একটি নাটকের শুটিংয়ের সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। পরে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিন দিন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লি নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতে অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার হার্টে দুটো রিং পরানো হয়েছে। সফল অস্ত্রোপচার হলেও আইসিইউতে রাখা হয়েছে তাকে। তবে এখন বেশ সুস্থ আছেন তিনি।

Be the first to comment on "সুস্থ আছেন তারিক আনাম, হার্টে পরানো হয়েছে দুটো রিং"