নিউজ ডেস্ক : নাটোর পৌর যুবলীগের তিন কর্মীর হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে নাটোর পৌর যুবলীগ। আজ মঙ্গলবার ভোররাতে নিহতদের লাশ দিনাজপুর থেকে নাটোরে আনার পর সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে শহরের অদূরে গাড়িখানা কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
জানাজায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিহতদের পরিবারের স্বজনরা অংশ নেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, “জেলার সক্রিয় তিন যুবলীগকর্মীর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। তাদের নিখোঁজ হওয়ার খবর শুনে সরকারের প্রতিটি দপ্তরে আমি খোঁজ করেছি, বিশেষ করে র্যাবের রাজশাহী ও ঢাকা সদর দপ্তরে নিখোঁজদের ব্যাপারে জানতে চাইলে তারা স্বীকার করে নাই, পুলিশ জানাতে পারে নাই তাদেরকে, কারা, কোথায় নিয়ে গেছে। সোমবার সকালে জানতে পেরে প্রধানমন্ত্রীকে অবহিত করার পর তিনি হত্যাকারীদের ধরতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। “
শিমুল বলেন, “নিজ দলের, দলের বাইরের অথবা আইলশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- যেই হোক না কেন- এ ঘটনায় জড়িতদের বিচার করা হবে। ” আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা না হলে নাটোরসহ সমগ্র উত্তরবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দেন নাটোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন উজ্জল।

Be the first to comment on "হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম"