নিউজ ডেস্ক : ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে আবরার তাজুয়ার নির্ঝর (১৮) ও আহমেদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মৈনট ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টার দিকে মৈনটঘাটের কাছ থেকে তাদের লাশ উদ্ধার করে ডুবুরি দল। আবরার তাজুয়ার নির্ঝর ঢাকার উত্তরা ও আহমেদ হাসান ধানমন্ডির সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিক ভাবে জানা গেছে। তারা দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে সহপাঠীরা জানায়।
সহপাঠীরা জানায়, মঙ্গলবার দুপুরে ১৪ সহপাঠী দোহারের মৈনটঘাট বেড়াতে আসে। দুপুর আড়াইটার দিকে তাদের অনেকেই পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় পদ্মার প্রবল স্রোতে নির্ঝর ও হাসান ডুবে যায়।
খবর পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিদলের অভিযান চালিয়ে ঘাটের কাছাকাছি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বঙ্গবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সারোয়ার খান জানান, নদীতে প্রবল স্রোত রয়েছে। তবুও খুব অল্প সময়ের মধ্যে আমরা অভিযান করতে পেরেছি।
পদ্মায় ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু

Be the first to comment on "পদ্মায় ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যু"