নিজস্ব প্রতিবেদক : খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া এবং নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগে গত ১১ মাসে ৪ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত বিশেষ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী জানান, চলতি অর্থবছরের জুলাই ২০১৫ থেকে মে ২০১৬ পর্যন্ত সময়ে অর্থাৎ গত ১১ মাসে ভেজালবিরোধী অভিযানে মোবাইল কোর্ট/সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ভেজাল পণ্য উৎপাদনকারী এবং বিক্রেতার বিরুদ্ধে বিএসটিআই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৭৯৬ টি, মোবাইল কোর্টে মামলা দায়ের ১১৬৪ টি, মোবাইল কোর্টে মামলা নিষ্পত্তির সংখ্যা ১১৬৪ টি, সার্ভিল্যান্স টিম পরিচালনার সংখ্যা ৬৫৮ টি, সার্ভিল্যান্স টিমে মামলা দায়েরের সংখ্যা ৬৬৫ টি। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ৪কোটি ৭৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় হয়েছে। মন্ত্রী জানান, একই সময়ে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রতিবছর রমজান মাসে ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্য-পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহে বিএসটিআই ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এবারও বিএসটিআই কার্যক্রম শুরু করেছে। যা সারা মাস চলমান থাকবে।
বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করছে বলে জানান তিনি। অভিযানে মুড়ি, খেজুর, কলা, আম, সফ্ট ড্রিংক পাউডার, ফ্রুট জুস/ ফ্রুট ড্রিংকস, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিএসটিআই এর মহাপরিচালক মো. ইকরামুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Be the first to comment on "খাদ্যে ভেজাল : ১১ মাসে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা"