নিউজ ডেস্ক : সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০১৬-এ বিশ্বের ৯১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে ৭০১।
বাংলাদেশ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি এই র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পেরেছে। বাংলাদেশ ছাড়া ভারতের ১৪টি বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ছয়টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে।
‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং’ সারা পৃথিবীতে খুবই সম্মানজনক একটি তালিকা। কিউএস বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে সার্বিকভাবে মূল্যায়ন করা ছাড়াও বিষয়, ফ্যাকাল্টি এবং অঞ্চলভিত্তিতেও র্যাংকিং করে থাকে। লন্ডন হতে প্রকাশিত এই তালিকার প্রথম দিকে ঠাঁই পাওয়ার জন্য বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো একরকম প্রতিযোগিতাই করে থাকে। তবে র্যাংকিংয়ে স্থান পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বেশকিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়।
বিশ্বের ৯১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭০১ নম্বর অবস্থানে থাকলেও এশিয়া মহাদেশের মধ্যে ১০৯তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অঞ্চলভিত্তিক এই তালিকায় বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া স্থান পাওয়া দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)। এটি ১৫৯তম অবস্থানে রয়েছে।
বিশ্বতালিকার প্রথম স্থানে রয়েছে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। টানা পাঁচবার এই স্থান অর্জন করলো বিশ্ববিদ্যালয়টি। আর তালিকার সর্বনিন্মে রয়েছে জাপানের ওকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি।

Be the first to comment on "ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়"