নিউজ ডেস্ক : গতকালের রাতটি লোকেশ রাহুলের কেমন কেটেছে তা জানতে হলে অলৌকিক ক্ষমতার দরকার নেই। এত যত্নে, এত পরিশ্রমে গড়া ইনিংসটি এমনভাবে শেষ হয়ে যাবে তা হয়ত কখনও দুঃস্বপ্নেও দেখেননি রাহুল।
কিন্তু হলো তাই! ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে আউট হয়ে গেলেন রাহুল। উইকেটে মাথায় হাত দিয়ে তার বসে পড়া আমাদের সাব্বির রহমানের কথাই মনে করিয়ে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর এভাবেই বসে পড়েছিলেন সাব্বির।
চেন্নাই টেস্টে যেভাবে তিনি ব্যাট চালাচ্ছিলেন তাতে ডাবল সেঞ্চুরি না হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু কী যে হলো, আদিল রশিদের বলটা ওভাবে কেন মারতে গেলেন সেই প্রশ্নের উত্তর হয়ত নিজেই খুঁজে ফিরছেন রাহুল। টেস্টে মাত্র ১ রানের জন্য ডাবল-সেঞ্চুরি না পাওয়া নবম দুর্ভাগা ব্যাটসম্যান তিনি। সেই সঙ্গে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান।
ভারতের হয়ে প্রথম এই তালিকায় নাম তুলেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৮৬ সালে কানপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন আজহার। তবে ১৯৯ রানে আউট হওয়া বিশ্বের প্রথম ব্যাটসম্যান হলেন পাকিস্তানের মুদাসসর নজর। ১৯৮৪ সালে ফয়সালাবাদে ভারতের বিপক্ষে ১ রানের জন্য ডাবল-সেঞ্চুরি মিস করেন মুদাসসর।
টেস্টে ১৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানরা :
| খেলোয়াড় | রান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
| মুদাসসর নজর (পাকিস্তান) | ১৯৯ | ভারত | ফয়সালাবাদ | ১৯৮৪ |
| মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত) | ১৯৯ | শ্রীলংকা | কানপুর | ১৯৮৬ |
| ম্যাথু ইলিয়ট (অস্ট্রেলিয়া) | ১৯৯ | ইংল্যান্ড | লিডস | ১৯৯৭ |
| সনাথ জয়াসুরিয়া | ১৯৯ | ভারত | কলম্বো | ১৯৯৭ |
| স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া) | ১৯৯ | ওয়েস্ট ইন্ডিজ | ব্রিজটাউন | ১৯৯৯ |
| ইউনিস খান (পাকিস্তান) | ১৯৯ | ভারত | লাহোর | ২০০৬ |
| ইয়ান বেল (ইংল্যান্ড) | ১৯৯ | দক্ষিণ আফ্রিকা | লর্ডস | ২০০৮ |
| স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) | ১৯৯ | ওয়েস্ট ইন্ডিজ | কিংস্টন | ২০১৫ |
| লোকেশ রাহুল (ভারত) | ১৯৯ | ইংল্যান্ড | চেন্নাই | ২০১৬ |

Be the first to comment on "নবম ব্যাটসম্যান হিসেবে কপাল পুড়ল রাহুলের!"