নিউজ ডেস্ক : আতাইকুলায় নিষিদ্ধঘোষিত একটি চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ইব্রাহীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়ায় একটি আমবাগানে এ ঘটনা ঘটেছে। নিহত ইব্রাহীম ভায়নাপাড়ার মোন্তাজ ব্যাপারীর ছেলে।
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইব্রাহীম হোসেন নিজেও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল (জনযুদ্ধ) এর আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Be the first to comment on "পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা"