শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদার মৃত্যু

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের সাবেক এমপি ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নূরুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল পৌনে ৩টায় নিউইয়র্কের ম্যানহাটন কর্ণেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নূরুল হুদা কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত একমাত্র ছেলে তানভির হুদাকে দেখতে যান। গত ২৪ জানুয়ারি বিকেলে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূরুল হুদা প্রশাসনিক ক্যাডারে চাকরি করতেন। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৬ সালে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনসহ চার বার চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি এলাকায়। তিনি দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এদিকে নূরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সাবেক এমপি এসএ সুলতান টিটু, জিএম ফজলুল হক, লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

basic-bank

Be the first to comment on "সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদার মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*