শিরোনাম

আরও বেশি খেলতে চাই : রদ্রিগেজ

নিউজ ডেস্ক : হামেস রদ্রিগেজ পুনরায় বলেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে তিনি আরো বেশি খেলা খেলতে চান। তবে সে সুযোগটি পেতে হবে কোচ জিনেদিন জিদানের কাছ থেকে। কোচের সঙ্গে তার সম্পর্কটিও বেশ শ্রদ্ধাশীল।
২০১৪ সালে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান্তিয়াগো বার্নব্যুতে যোগ দেন কলম্বিয়ার এই আন্তর্জাতিক তারকা। সেখানে বেশ মানিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষের আনুকুল্য থেকে বঞ্চিত হতে শুরু করেছেন তিনি।
এ নিয়ে নিয়মিত সংবাদও পরিবেশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে ‘গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই হামেসের সঙ্গে জিদানের সম্পর্কে ঘাটতি দেখা গেছে। যে কারণে বিশ্বকাপ শিরোপাজয়ী ফরাসি কোচ বার বার হামেসের স্থলে বিকল্প পন্থা অবলম্বন করে আসছেন’।
চলতি মৌসুমে এ পর্যন্ত লা লিগায় মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রদ্রিগেজ। তার মধ্যে শুধুমাত্র দুটি ম্যাচে সূচনা একাদশে ঠাঁই পেয়েছেন তিনি। বেশি ম্যাচ খেলার সুযোগ না পেয়ে হতাশ হলেও জিদানের সঙ্গে সম্পর্কে ঘাটতির বিষয়টি মানতে রাজি নন হামেস। তিনি আরসিএনকে বলেন, “আমি আরো বেশি খেলতে চাই। তবে সে জন্য একজনের (জিদান) সম্মতির দরকার, যিনি বিষয়টি নিয়ন্ত্রণ করেন। তিনিই সিদ্ধান্ত নেন। তার এসব সিদ্ধান্তের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধাবোধ আছে।”
দুজনের সম্পর্কের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, “সবাই যে ভাবে বলছে আসলে সে রকম কিছুই না। একজন খেলোয়াড় ও কোচের মধ্যে যেটুকু সম্পর্ক থাকা উচিত সে রকম সম্পর্ক আমাদের মধ্যে বিরাজমান। আসলে আমি এমন একটি ক্লাবে আছি যেখানে সবাই জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। যে কারণে আপনাকে সব সময় ভালো খেলাটা খেলতে হবে। সারা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের আলাদা একটি নাম ডাক রয়েছে।”

basic-bank

Be the first to comment on "আরও বেশি খেলতে চাই : রদ্রিগেজ"

Leave a comment

Your email address will not be published.


*