শিরোনাম

চ্যালেঞ্জিং স্কোর গড়ল চিটাগং ভাইকিংস

নিউজ ডেস্ক : চার-ছক্কার ফুলঝুরি শুরু হয়ে গেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। মরা পিচে যেন প্রাণ ফিরেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ দিনের প্রথম খেলায় বরিশাল বুলসের সামনে বেশ শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিটাগং ভাইকিংস। ২০ ওভার শেষে দলের রান ৩ উইকেটে ১৬৩।

বরিশাল বুলসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে চিটাগং ভাইকিংস। দুই ওপেনার মিলে দারুণ শুরু এনে দেন দলকে। অধিনায়ক তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে বিনা উইকেটে শতরানের ওপেনিং জুটি গড়ে দলটি। ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরির পর তামিম আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। অপরপ্রান্ত আগলে রেখে তামিমকে সঙ্গ দিয়ে যান আরেক ওপেনার জহরুল ইসলাম। পাওয়ার প্লে শেষে দলীয় রান ছিল ৪৬। সেই রানই ১১.৪ ওভারেই তিন অংকে পৌঁছে। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলীয় ১১৬ রানে বিদায় নেন তামিম ইকবাল। কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হয়ে যাওয়ার আগে ১০টি চার এবং ২টি ছক্কা হাঁকান এই ড্যাশিং ওপেনার। সাজানো ইনিংসটির শেষ পর্যন্ত ‘তামিমীয়’ হয়। এই ইনিংসটি বিপিএলে তামিমের সর্বোচ্চ। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৬৯। সেইসঙ্গে বিপিএল এবারের আসরের সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন তামিম-জহুরুল।

জহুরুল ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৪ বলে ৩৬ রান করে আবু হায়দার রনির বলে থিসারা পেরেরা হাতে ধরা পড়েন তিনি। এরপর ক্রিজে এসে এনামুল হক বিজয় ডোয়াইন স্মিথের সঙ্গী হন। ভারসাম্যপূর্ণ ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যান তারা। তবে ২০তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আল-আমিন হোসেনের বলে নাদিফ চৌধুরীর হাতে ধরা পড়েন ডোয়াইন স্মিথ।

দিনের অপর খেলায় মুখোমুখি হবে এখন পর্যন্ত জয় না পাওয়া মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের তারকাবহুল দল ঢাকা ডায়নামাইটস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।

basic-bank

Be the first to comment on "চ্যালেঞ্জিং স্কোর গড়ল চিটাগং ভাইকিংস"

Leave a comment

Your email address will not be published.


*