নিউজ ডেস্ক ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব উপলক্ষে সরকারি ত্রাণ সহায়তার (জিআর) ২৮০কেজি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মো.আজিমউদ্দিন বাদী হয়ে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন। এদিকে, চাল চুরির মামলা দায়ের হবার আগেই পালিয়েছেন আসামীরা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হৃতদরিদ্র্য পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য জয়নগর ইউনিয়নের নামে ত্রাণের (জিআর) ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ৯ এপ্রিল বরাদ্দকৃত চাল বিতরণ শেষে মাস্টার রোলের একটি কপি জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ১২এপ্রিল উপজেলা নির্বাহী কার্যালয়ের ত্রাণ শাখায় দাখিল করেন। এরপর জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিব মহিদুল ইসলাম যোগসাজশে প্রকৃত ব্যক্তিদের নিকট চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে,ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫০ জনের নামের মাস্টার রোলের মধ্যে ২৮জনের চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করেছেন। জনপ্রতি ১০কেজি হারে ২৮জনের নামের বিপরীতে ২৮০কেজি চাল বিতরণ না করে আত্মসাত করেছেন। এরপর মঙ্গলবার রাতে এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মো.আজিমউদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় মারফত নড়াগাতি থানায় মামলা প্রেরণ করেন। যা পরবর্তীতে নড়াগাতি থানা জিডি এন্ট্রি করে মঙ্গলবার দুদকে প্রেরণ করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেবার পর থেকেই আসামীরা আত্মগোপনে রয়েছে।
এ বিষয়ে জানতে জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘আমি মেম্বারদের সমস্ত জিআরের মাল ভাগ করে দিয়েছি। তারা আমার নিকট থেকে স্বাক্ষর করে ওই জিআরের মাল নিয়েছেন।’
এ বিষয় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগেটি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুদক যশোর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’
একই প্রসঙ্গে কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা বলেন,‘সরকারি ত্রানের চাল আত্মসাতের ঘটনায় জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের নামে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
নড়াইলে ফের চাল চুরি, ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকে মামলা
নড়াইলে ফের চাল চুরি,
ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকে মামলা
Be the first to comment on "নড়াইলে ফের চাল চুরি, ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকে মামলা"