নিউজ ডেস্ক : ভারতে ৫০০ এবং ১০০০ টাকার নোট নিষিদ্ধ ঘোষণায় তোলপাড় চলছে। মাথায় হাত পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। মাথায় হাত পড়েছে ঘুষখোর দুর্নীতিবাজদেরও। তবে এরই মধ্যে একদল এই নিষিদ্ধ নোট নিয়ে জমজমাট ব্যবসা করে চলছে! দক্ষিণ এশিয়ার বৃহত্তম রেডলাইট জোন কলকাতার সোনাগাছির যৌনকর্মীরা নাকি এই নোটগুলো গ্রহণ করছেন। এমনই খবর প্রকাশ করেছে কলকাতার একটি দৈনিক।
‘দুর্বার মহিলা সমন্বয় কমিটি’র বরাত দিয়ে দৈনিকটি উল্লেখ করেছে, যেসব যৌনকর্মীরা ৫০০ বা ১০০০ টাকা নিয়ে থাকেন তারা সেই অর্থে কোনো সমস্যার সম্মুখীন হননি। তারা দিনভর ৫০০ ও ১০০০ টাকার নোট গ্রহণ করেছেন। কিন্তু, যে যৌমকর্মীরা সাধারণত ৩০০ বা ৪০০ টাকা নেন তারাই সমস্যা মুখে পড়েছিলেন প্রবলভাবে। কারণ, তাদের কাছে আগত খদ্দেরদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় শেষ তিন-চার দিন ছিল অনেক কম।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের অধীনে রেজিস্ট্রি করা প্রায় এক লাখ ৩০ হাজার যৌনকর্মী রয়েছে। সম্ভাব্য খদ্দেররা প্রথমেই এসে জানতে চাইছেন যে যৌনকর্মীরা ৫০০ ও ১০০০ টাকার নোট নিচ্ছেন কি না।
সোনাগাছির যৌনকর্মীরা ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ ব্যাংকে টাকা রাখেন। এই ব্যাংকটি যৌনকর্মীদের দ্বারাই গঠিত এবং যৌনকর্মীদের দ্বারাই পরিচালিত হয়ে থাকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, গত দুই দিন ধরে যৌনকর্মীরা সেই ব্যাংকে ৫৫ লাখ টাকা জমা করেছেন। টাকা অচল হওয়ায় অন্যান্য ব্যবসায়ীদের যখন মাথায় হাত তখন সোনাগাছি চুটিয়ে ব্যবসা করে নিয়েছে।
সূত্র : এবেলা

Be the first to comment on "ভারতে নিষিদ্ধ ৫০০ ও ১০০০ টাকার নোট যাচ্ছে যৌনপল্লীতে!"