নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যেখানে ১৯৭১ সালের ২৬ মার্চ যাদের বয়স ন্যূনতম ১৩ বছর ছিল, তাদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভরযোগ্য তালিকা প্রণয়ন করতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রম মঙ্গলবার প্রজ্ঞাপনটি জারি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান ফারুকী।
প্রজ্ঞাপনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।’
অন্যদিকে, মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চে ন্যূনতম ১৩ বছর হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধার সংজ্ঞায় আরো বলা হয়েছে-
ক) যে সমস্ত ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ট্রেনিং/প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছেন।
খ) যে সকল বাংলাদেশি পেশাজীবি মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং যে সকল বাংলাদেশি বিশিষ্ট নাগরিক বিশ্বে জনমত গঠনে সক্রিয় ভুমিকা রেখেছেন।
গ) যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) অধীনে কর্মকর্তা/কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঘ) সশস্ত্র বাহিনী, পুলিশ, ইপিআর, আনসার বাহিনীর সদস্য যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগহণ করেছেন।
ঙ) মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) সাথে সম্পৃক্ত এমএনএগণ (MNA) ও এমপিএগণ (MPA)।
চ) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী কর্তৃক নির্যাতিত নারীগণ (বীরাঙ্গনা)।
ছ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ এবং দেশ ও দেশের বাহিরে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সাংবাদিকগণ।
জ) স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ।
ঝ) মুক্তিযুদ্ধকালে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানকারী মেডিকেল টিমের ডাক্তার, নার্স ও সহকারীবৃন্দ।

Be the first to comment on "মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি"