নিউজ ডেস্ক : মেট্রোরেলের মূল কাজ শুরুর আগে বৈদ্যুতিক তার সরাতে রাস্তা খোঁড়ায় যানজটের ভোগান্তিতে পড়েছেন মিরপুরের বাসিন্দারা; ছোট হয়ে আসা রাস্তায় দুর্বিসহ হয়ে উঠছে প্রতিদিনের যাতায়াত। প্রকল্পের মূল কাজ শুরু হলে এই সড়কের পরিস্থিতি কী হবে, তা ভেবে আঁতকে উঠছেন ভুক্তভোগীরা। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাতে কাজ করার কথা জানালেও দুর্ভোগ না কমায় এলাকা ছাড়ার কথাও ভাবছেন কেউ কেউ। সূচি অনুযায়ী আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে এ বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবাসংস্থার অবকাঠামো সরানোর কাজ। ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপনের জন্য এরই মধ্যে বেগম রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের একপাশ খুঁড়ে ফেলা হয়েছে। তিন লেনের মাঝের একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। দুই পাশের লেন দিয়ে বিপুলসংখ্যক গাড়িকে ধীরে ধীরে চলতে হওয়ায় প্রতিদিন সকাল-বিকাল তৈরি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।
মেট্রোরেল নির্মাণ প্রস্তুতিতে যানজটে ভোগান্তি মিরপুরবাসীর

Be the first to comment on "মেট্রোরেল নির্মাণ প্রস্তুতিতে যানজটে ভোগান্তি মিরপুরবাসীর"