শিরোনাম

মেসি নৈপুণ্যে বার্সার দুরন্ত জয়

নিউজ ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাদুকরী ফুটবলে বড় জয় পেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। মেসি দুটি গোল করার পাশাপাশি অন্য দুটি গোলে সহায়তাও করেছেন। ফলে ঘরের মাঠে সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা। এছাড়া দলের হয়ে বাকি গোলগুলো করেছেন নেইমার, ইভান রাকিতিচ ও স্যামুয়েল উমতিতি।
এর আগের ম্যাচে এইবারের মাঠে সহজ জয়ে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সা। আর এই ম্যাচে জয়ের ফলে ২৬ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখল তারা। তবে এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে ঠিক তাদের পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে সেভিয়া।
লা লিগায় শনিবার রাতে ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে আতিথ্য জানায় বার্সা। ঘরের মাঠে শুরু থেকেই সফরকারীদের চেপে ধরে কাতালান ক্লাবটি। একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ফলে ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। দলের হয়ে প্রথম গোলটিই করেন মেসি। মাঝমাঠে বল পায়ে ছুটে দুরন্ত গতিতে এক জনকে পিছনে ফেলে ডি-বক্সের বাইরে আরেকজনকে কাটিয়ে নিচু জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক।
৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির বাড়ানো বল গোলমুখে পেয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যে পৌঁছে দেন ব্রাজিলিয়ান তারকা।
দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ মিস হয় স্বাগতিকদের। তবে ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে বার্সা। আর দলের এই গোলটি দারুণ পাসিং ফুটবলের ফল। নেইমারের পাস ধরে মেসি কোনাকুনি বাড়ান ডি-বক্সের মধ্যে রাফিনহার উদ্দেশ্যে। আর ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পা হয়ে বল পেয়ে সহজেই ঠিকানায় পৌঁছে দেন রাকিতিচ।
চার মিনিট পর মেসির ছয় গজ বক্সে বাড়ানো বলে টোকা দিয়ে জালে পাঠান উমতিতি। বার্সার হয়ে এই ফরাসি ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
এর তিন মিনিট পর মেসির আরেকটি চমৎকার গোলে ব্যবধান বাড়ে বার্সার। বাঁ-দিক থেকে আড়াআড়ি ডি-বক্সে ঢুকে এক জনকে ফাঁকি দিয়ে আরেক জনের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করনে ফুটবলের এই জাদুকর। লিগে এটি মেসির ২৩তম গোল।
ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

basic-bank

Be the first to comment on "মেসি নৈপুণ্যে বার্সার দুরন্ত জয়"

Leave a comment

Your email address will not be published.


*